২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৈলাসটিলা থেকে গ্যাস সরবরাহ শুরু

সিলেটের গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

সিলেট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বাপেক্স-এর উপ-মহাব্যবস্থাপক (পরীক্ষণ) তোফায়েল আহমদ বিডিনিউজ টোয়েনিফোর ডটকমকে জানান, কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের চার নম্বর কূপে নতুন গ্যাসস্তরের সন্ধান পাওয়ার পর বৃহস্পতিবার বেলা ৩ টা থেকে ওই স্তরের গ্যাস সরবরাহ শুরু করা হয়। গত ১৯ অগাস্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা বাপেক্স কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের চার নম্বর কূপে নতুন গ্যাসস্তরের সন্ধান পায়। পরীক্ষামূলভাবে ২১ অগাস্ট থেকে গ্যাস সররবাহ শুরু হয় । তোফায়েল আহমেদ জানান, বর্তমানে এ গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। ধীরে ধীরে তা ২০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে। “নতুন এই গ্যাসস্তরের প্রতি মিলিয়ন ঘটফুট গ্যাসের সঙ্গে ৯ ব্যারেল ঘনীভূত তেল পাওয়া যাবে, যা থেকে বিপুল পরিমাণ কেরোসিন ও পেট্রোল উৎপাদন সম্ভব।” তবে কি পরিমাণ গ্যাস এখানে মজুদ আছে তা জানতে আরো কিছু দিন সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা। পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বলেন, এটি পুরোনো গ্যাসক্ষেত্র। গ্যাসের চাপ বাড়ানোর জন্য বেশ কিছুদিন ধরে এখানে সংস্কার কাজ চলছিল। সংস্কার করতে গিয়েই ১৯ অগাস্ট চার নম্বর কূপের কাছে নতুন এই গ্যাসস্তরের সন্ধান পাওয়া যায়। তিনি জানান, এই স্তরে পরীক্ষামূলক উত্তোলনে ২ হাজার ৩০০ পিএসআই (প্রেসার পার স্কয়ার ইঞ্চ) চাপ পাওয়া গেছে। এই স্তরে গ্যাসের মোট মজুদের পরিমাণ ৪০ থেকে ৫০ বিলিয়ন ঘনফুট হতে পারে। কৈলাসটিলা থেকে বর্তমানে প্রতিদিন ৯ কোটি ঘনফুটের বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে। ক্ষেত্রটিতে গ্যাসের মজুদ নতুন করে জানতে বাপেক্সের জরিপ দল ১৯০ বর্গ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। জরিপে গ্যাসের পাশাপাশি ক্ষেত্রটিতে তেলেরও সন্ধান পাওয়া গেছে এবং পেট্রোবাংলা এটিকে তেলক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক ২ হাজার ৭শ’ থেকে ৩ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। তবে উৎপাদন হচ্ছে ২ হাজার ২শ’ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৭৩৮ ঘ.