মঈনুল হক চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রথমবারের মতো সংলাপ শুরু করতে যাচ্ছে বৃহস্পতিবার, যাতে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের মতো বিষয়গুলো স্থান পাচ্ছে।
সংলাপের প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কমিশন সদস্যরা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসছেন।
কমিশন কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সংলাপে আসার জন্য সুশীল সমাজের ৯৮ জন প্রতিনিধিকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
সংলাপ শুরুর এ উদ্যোগকে ‘স্বাগত’ জানালেও সাবেক নির্বাচন কমিশনার ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, নির্বাচনী আইন সংস্কারের বিষয়টিও আলোচ্যসূচিতে আসা উচিৎ ছিল। সেই সঙ্গে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারলেই ভালো হতো।
পুনর্গঠিত ইসি দায়িত্ব নেওয়ার পর গত ১০ মার্চ সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। সম্প্রতি আদমশুমারি প্রতিবেদন প্রকাশের পর জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণের কাজেও হাত দেয়া হয়েছে।
সংলাপের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিগত কমিশনের ধারাবাহিকতা ধরে বর্তমান কমিশন যে সংলাপ অব্যাহত রেখেছে তা সাধুবাদ পাওয়ার যোগ্য।
“হালনাগাদের কাজ চলছে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আমাদের বলার কিছু নেই। তবে আইনি সংস্কার বিষয়টিও সংলাপে আনা উচিত ছিল”, যোগ করেন তিনি।
আর এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যত দ্রুত বসা যায়, ততোই ভাল বলে মন্তব্য করেন সুজন সম্পাদক।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোপূর্বে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণ নিয়ে ইসি কারো সঙ্গে বসে নি। এ নিয়ে তাদেরও বলার কিছু নেই।
“কমিশন একটি কর্মপদ্ধতি (সীমানা নির্ধারণের খসড়া, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, ইভিএম, ইসি নিয়োগের খসড়া ইতাদি) নির্ধারণ করে সে বিষয়ে মতামত চেয়েছে। কিন্তু এগুলো নিয়ে জনগণ ও দলগুলোর সঙ্গে বসাই জরুরি।”
নতুন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ নয় বলেও মনে হয়েছে সাবেক এই কমিশনারের।
জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত প্রসঙ্গে সাখাওয়াত বলেন, “আগের ইসি সবার সঙ্গে আলোচনা করে ইভিএম নিয়ে সিদ্ধান্ত এগিয়ে রেখেছে। যারা তা চায়নি- নতুন কমিশন তাদের সঙ্গে বসে নতুন করে সিদ্ধান্ত নিলে ভালো হতো।”
নির্বাচনী আইন সংস্কার নিয়ে এখনই উদ্যোগ নেওয়া জরুরি- এমন মন্তব্য করে তিনি বলেন, “ধারাবাহিকতা ধরে রাখতে আগের সংস্কারকে এগিয়ে নিতে হবে। পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। তা না করে ভালো উদ্যোগ বাদ দিলে তা হবে আত্মঘাতি।”
প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে জানিয়েছেন, সুশীল সমাজের সঙ্গে সংলাপের পর পর্যায়ক্রমে অন্যদের সঙ্গেও বসবেন তারা। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন কবে বসবে তা এখনো চূড়ান্ত হয়নি।
বিরোধী দলের আস্থা অর্জনের বিষয়ে সিইসি বলেছেন, “আমরা সবাইকে ডাকবো। কাজের মধ্য দিয়ে সবার আস্থা অর্জন করব।”
কাজী রকিবের নেতৃত্বাধীন ৫ সদস্যের ইসি গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়। এর আগে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ব্যাপক আইনি সংস্কার এনে নবম সংসদ নির্বাচন করে সবার প্রশংসা কুড়ায়।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় যোগ দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে বিগত কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১০৪৫ ঘ.
bdnews24