ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের মুখে মামলার বিবাদীর তালিকা থেকে সংবাদ মাধ্যমগুলোকে বাদ দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।
৫৯ জনকে বিবাদী করে মামলার দুদিন বাদেই বুধবার ৪৯ জনকে বাদ দিতে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করেন সাংবাদিক সমালোচনার মুখে থাকা মাহফুজ।
বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এটিএন বাংলার চেয়ারম্যানের ওই আবেদন মঞ্জুর করায় এই মামলায় বিবাদী থাকলেন এখন ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
এই ১০ বিবাদীর মধ্যে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ছাড়া ব্যক্তিরা হলেন- সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, শাবান মাহমুদ, সাখাওয়াত হোসেন বাদশা, আবদুস সহিদ ও বাকের হোসাইন।
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে লন্ডনে এক অনুষ্ঠানে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে আন্দোলনরত সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে পড়েন মাহফুজ, তাকে গ্রেপ্তারের দাবিও ওঠে।
সাংবাদিকদের ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে একটি কর্মসূচিতে মাহফুজকে গ্রেপ্তারের দাবি তোলা হলে তা নিয়ে এটিএন বাংলার কয়েকজন সাংবাদিকের সঙ্গে সাংবাদিক নেতাদের ধস্তাধস্তিও হয়।
এর কয়েক মাস পর গত সোমবার আদালতে মামলা করেন মাহফুজ, এতে তাকে জড়িয়ে সাংবাদিকদের সমাবেশ, সংবাদ ও বিবৃতি প্রকাশকে বেআইনি ঘোষণার আদেশ চাওয়া হয়।
মামলায় বিবাদীর তালিকায় ১১ থেকে ৫৯ নম্বর পর্যন্ত ক্রমিকে দেশের প্রায় সব জাতীয় দৈনিক, এটিএন বাংলা ও এটিএন নিউজ বাদ দিয়ে সব টেলিভিশনের, অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকদের নাম রাখা হয়।
ওই মামলার পর মঙ্গলবার সাংবাদিকদের সমাবেশে মাহফুজের প্রতি তীব্র আক্রমণ করে বক্তব্য দেন সাংবাদিক নেতারা।
এরপর বিবাদীর তালিকা থেকে সংবাদ মাধ্যমগুলোকে বাদ দিয়ে দৃশ্যত পিছু হটলেন মাহফুজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১০৩ ঘ.
bdnews24