২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ‘ছিনতাইকারী ছাত্রলীগকর্মী’ আটক

ছিনতাইসহ শারিরীক নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগকর্মীকে পুলিশে সোপর্দ করেছে তার বিভাগের সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

রাবি, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইসহ শারিরীক নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগকর্মীকে পুলিশে সোপর্দ করেছে তার বিভাগের সভাপতি। ওই শিক্ষার্থীর নাম ইমরান হোসেন ডেভিড। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। ডেভিড নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিত এবং ছাত্রলীগের একাধিক সংঘর্ষ ও মারামারিতে তাকে দেখা গেছে বলে সহপাঠীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে। তবে ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেভিড ছাত্রলীগের কর্মী নয়। কেউ যদি অপরাধ করে তার শাস্তি হওয়া উচিত।” মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে পুলিশ ডেভিডকে আটক করে মতিহার থানায় পাঠায়। বিভাগীয় সভাপতি অধ্যাপক এ এইচ এম জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি প্রক্টরকে জানাই। পরে পুলিশের হাতে তুলে দিই।” প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেভিড ক্যাম্পাসে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কাজে জড়িত বলে তার কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য এসেছে। তবে ডেভিড যে ছাত্রলীগ করে ওই তথ্যটি প্রচারে অনাগ্রহী প্রক্টর বলেন, “ও একজন সাধারণ শিক্ষার্থী।” মঙ্গলবার সকালে ফাইন্যান্স বিভাগের ৯০ শিক্ষার্থী স্বাক্ষরিত দুই পৃষ্ঠার অভিযোগপত্র বিভাগীয় সভাপতির মাধ্যমে প্রক্টরের কাছে দেওয়া হয়। এরপরই ডেভিডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মতিহার থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকে জিজ্ঞসাবাদ করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।” নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেভিড দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অপরাধ কাজ চালিয়ে আসছিল। সে সহপাঠীদের কাছ থেকে চাঁদাবাজি করত, চাঁদা না দিলে মারধর করত। “এই প্রেক্ষিতে আমরা সব শিক্ষার্থীরা মঙ্গলবার তাকে ডেকে বিষয় সমাধান করার জন্য বলি। কিন্তু সে তখন উত্তেজিত হয়ে হত্যা হুমকিসহ অশ্লীল ভাষায় গালাগালি করলে আমরা বিভাগীয় সভাপতিকে বিষয়টি জানাই,” বলেন এক শিক্ষার্থী। অধ্যাপক জিয়াউল হক জানান, ডেভিডের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.