সিলেট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একটি সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভাগের চার জেলায় সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।
সিলেট বিভাগ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়।
সংগঠনের সিলেট বিভাগের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, সিএনজি ফিলিং স্টেশনে ছাত্রলীগের চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি।
ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
‘চাঁদা না দেওয়ায়’ ছাত্রলীগ নেতাকর্মীরা গত ৫ সেপ্টেম্বর সিলেট নগরীর শিবগঞ্জের সুরমা অটোকেয়ার সিএনজি রিফুয়েলিং স্টেশনে ব্যাপক ভাংচুর চালায়।
এ ঘটনায় ছাত্রলীগের সিলেট জেলা কমিটির সহসভাপতি সেলিম চৌধুরীসহ ৭/৮ জনকে আসামি করে শাহপরাণ থানায় একটি মামলা হয়। আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয় সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার রাতে এ সময়সীমা শেষ হওয়ায় ভোর থেকে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে ধর্মঘট শুরু হয়।
জুবায়ের আহমদ বলেন, “সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সব সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে। হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১১৫৫ ঘ.
bdnews24