চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ নির্মাণকারী দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আন্তর্জাতিক মান সনদ পেয়েছে।
পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রেও আন্তর্জাতিক সনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
পরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড (আইএসও) সনদ এবং অকুপ্যাশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাডভাইজরি সার্ভিসেস (ওএইচএসএএস) সনদ অর্জন করেছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জার্মানির হামবুর্গে গত ৪ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক মেরিটাইম মেলায় এ সনদ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
ফরাসি ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভ্যারিটাসের (বিভি) মেরিন অ্যান্ড অফশোর বিভাগের ব্যবস্থাপনা পরিচালক বেনার্ড এ্যানির কাছ থেকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পক্ষে সনদ গ্রহণ করেন এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসাইন ও কারিগরি পরিচালক আরিফুর রহমান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/২০২৫ ঘ.
bdnews24