২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দেড়শ ছাত্রের বিরুদ্ধে মামলা, পরিবহন ধর্মঘট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেড়শ’ ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:25 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেড়শ’ ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ উত্তরবঙ্গের সব রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডেকেছে পরিবহন মালিক-শ্রমিকরা। গত ৫ সেপ্টেম্বর এ মহাসড়কের সানতলায় বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ চলাকালে ছাত্ররা গড়াই পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। এ ঘটনায় বাসের মালিক শরিফুজ্জামান রাত সাড়ে ১১টার দিকে যশোর কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। থানার ওসি গোলাম রহমান জানান, মামলায় বিশ্ববিদ্যালয়ের দেড়শ ছাত্রকে আসামি করা হয়েছে। বাস পোড়ানোর জেরে যশোর থেকে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, শিক্ষার্থীরা একটি বাস পুড়িয়ে দেয়ার পাশাপাশি আরেকটি বাস ভাংচুরও করেছে। এতে তাদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে আজিজুল আলম মিন্টু জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১৫ ঘ.