চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের কাঠামোতে গ্রামীণ ব্যাংককে কার্যকর রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মেলান ভারভির।
তিনি রোববার সন্ধ্যায় বন্দরনগরীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে এতে সরকারের সাড়া প্রত্যাশা করেন।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর ওই পদে নিয়োগের বিধিও সরকার সম্প্রতি পরিবর্তন করেছে।
সরকারের পদক্ষেপের প্রতিক্রিয়া জানতে চাইলে মেলান ভারভির বলেন, “বাংলাদেশ সরকার এই ব্যাংকের অধ্যাদেশ সংশোধন করে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে চেয়ারম্যানকে অধিকতর ক্ষমতা দিয়েছে।
“বাংলাদেশ ও এর বাইরে এই ব্যাংকটি এতদিন কার্যকর ও স্বাধীনভাবে কাজ চালিয়ে আসছে। সফল একটি ব্যাংকের গঠন প্রণালী পরিবর্তন করা হচ্ছে।”
মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি সিদ্ধান্তেও গত বছর অসন্তোষ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। অধ্যাদেশ পরিবর্তনের পরও দেশটি থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে।
মেলান বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক গভীর এবং তা আমরা খুবই গুরুত্ব দিই। গ্রামীণ ব্যাংক নিয়ে কোনো দ্বিমত থাকলে তা নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি হোক, তা আমরা চাই না।”
“আবার গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত হোক তাও আমরা চাই না। আশা করি, সরকার এতে গুরুত্ব দেবে,” বলেন তিনি।
নারী বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং এর সম্ভাবনা নিয়েও কথা বলেন। এক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের ভূমিকা তুলে ধরে এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে তার শঙ্কার কথা জানান।
১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশে আসার কথা জানিয়ে মেলান বলেন, “তখন গ্রামীণ ব্যাংক কাজ করে এমন একটি গ্রামে গিয়েছিলাম। দেখেছি, গ্রামীণ ব্যাংক সেখানকার মানুষের জীবনমান পরিবর্তনের জন্য কাজ করে।”
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ গত কয়েকদিনে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নারীদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন বলেও জানান।
পেনিনসুলা হোটেলে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১১০ ঘ.
bdnews24