ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি হজ মৌসুমের বিমানের টিকিট বিক্রি রোববার থেকেই শুরু হচ্ছে ।
সকালে কুর্মিটোলার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. আতাহারুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, “টিকিটের সঙ্গে ভিসার একটি সম্পর্ক থাকে। আজ থেকে ভিসা দেয়া শুরু হওয়ায় বিকাল থেকেই হজের টিকিট বিক্রি শুরু করা হবে।”
তবে বিকালে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার মহাব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় তারা টিকিট বিক্রি শুরু করবেন।
মন্ত্রণালয়ের ঘোষিত ফ্লাইটসূচি অনুসারে বিমান আগামী ১৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ৫৮২ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট চালাবে, শেষ হবে ২০ অক্টোবর।
একইদিন সকাল সাড়ে ৯টায় যাত্রা করবে ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার) আরেকটি ফ্লাইট। আর ২১ সেপ্টেম্বর বেলা ১টা থেকে হজযাত্রী পরিবহন শুরু করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
বিমান ফিরতি ফ্লাইট শুরু হবে ১ নভেম্বর, শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
নাস এয়ারের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর, শেষ হবে ২৮ নভেম্বর। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু করবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর।
সৌদি আরব সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত হজ যাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি অনুসারে এ বছর কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজ যাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি।
থার্ড ক্যারিয়ার না থাকায় হজযাত্রী পরিবহনে বিশৃঙ্খলা হতে পারে, এ দাবি করে আসছে হজ এজেন্সিগুলো।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিমান সচিব আতাহারুল বলেন, “থার্ড ক্যারিয়ার আমরা তখনই নিতাম যখন আমাদের পক্ষে যাত্রী বহন করা সম্ভব হত না। আমরা এ বছর প্রস্তুত, কোনো অবস্থাতেই হজ যাত্রী পরিবহনে বিশৃঙ্খলার আশঙ্কা নেই।
“আর বিমান হজযাত্রীদের পরিবহন করলে বিমানের অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে। দেশের স্বার্থে, বিমানকে বাঁচাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
বিমান কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেছে, হজ ফ্লাইটের কারণে তাদের নিয়মিত কিছু ফ্লাইট কাটছাঁট করতে হচ্ছে।
আতাহারুল ইসলাম বলেন, “বিমানে যে রুটগুলোতে আর্থিক ক্ষতি হচ্ছিল, সেগুলোই শুধু তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এর চেয়ে ভালো বিকল্প আর ছিল না।”
এক প্রশ্নের জবাবে বিমান সচিব বলেন, “আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো তারপরও যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাই বিকল্প হিসেবে একটি ডিসি ১০ বিমান রাখা হয়েছে।”
এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে বিমান পরিবহন করবে ৫৬ হাজার ২৮৪ জন।
হজ যাত্রী পরিবহনের জন্য বিমান এ বছর ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭-৪০০ এর পাশাপাশি নিজস্ব দুটি বোয়িং ৭৭৭-৩০০ এবং দুটি ডিসি ১০-৩০ মডেলের উড়োজাহাজ ব্যবহার করবে।
হজ যাত্রা
সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ জানান, হজযাত্রীদের প্রথমে আশকোনা হজ ক্যাম্পে রিপোর্ট করতে হবে।
গমন সংক্রান্ত চেক ইন, ইমিগ্রেশন এবং কাস্টমস অন্যান্য আনুষ্ঠানিকতা হজ ক্যাম্পেই সম্পন্ন হবে।
সিডিউল ফ্লাইটের যাত্রীরা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রিপোর্ট করবেন এবং সেখানেই তাদের আনুষ্ঠানিকতা শেষ হবে।
এ বছরই প্রথম চট্টগ্রাম থেকে ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে জানিয়ে মোসাদ্দেক বলেন, জমজমের পানি সংগ্রহ করতে গিয়ে যেন হজ যাত্রীরা ভোগান্তিতে না পড়েন এ কারণে ঢাকায় ফেরার পরে বিমান প্রত্যেক হাজীকে ১০ লিটার জমজমের পানি সরবরাহ করবে।
এছাড়া সৌদি আরবে প্রত্যেক হজ যাত্রীকে বিনামূল্যে একটি করে মোবাইল সিমও সরবরাহ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24