২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে যাচ্ছে রবীন্দ্রনাথের বজরার অনুকৃতি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বজরায় চড়ে শিলাইদহ, শাহজাদপুর আর পতিসরে জমিদারি দেখাশোনা করতেন, তার দুটি অনুকৃতি ভারতকে উপহার দিচ্ছে বাংলাদেশ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 04:08 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বজরায় চড়ে শিলাইদহ, শাহজাদপুর আর পতিসরে জমিদারি দেখাশোনা করতেন, তার দুটি অনুকৃতি ভারতকে উপহার দিচ্ছে বাংলাদেশ সরকার। কলকাতায় বাংলাদেশের উপ রাষ্ট্রদূত আবিদা ইসলামকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের বজরা ‘পদ্মার’ দুটি অনুকৃতির একটি থাকবে শান্তি নিকেতনে; অন্যটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ ১২ সেপ্টেম্বর শান্তিনিকেতনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং বলপুরে বিশ্ব ভারতী কর্তৃপক্ষের কাছে ‘রেপ্লিকা’ দুটি হস্তান্তর করবেন। ঊনিশ শতকের শেষভাগে যখনই জমিদারি দেখাশোন বা ব্যবসার কাজে এ বাংলায় আসতেন, ‘হাউজ বোট পদ্মা’য় চেপে ভ্রমণে বের হতেন রবি ঠাকুর। এই বজরার ওপরেই সৃষ্টি হয়েছে তার বহু সাহিত্যকীর্তির। ১৮৯১ সালে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ‘সোনার তরী’ লেখা হয়েছিল এই ‘পদ্মায়’ বসেই। পদ্মা নদী ছাড়াও ইছামতী, গড়াই, আত্রাই ও নাগরসহ নদীকেন্দ্রিক বাংলার নিসর্গ বর্ণনা উঠে এসেছে ‘ছিন্নপত্রাবলী’তে। প্রতœতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে বিআইডব্লিউটিএর সহায়তায় ‘হাউজ বোট পদ্মা’র ৬০ ফুট দীর্ঘ একটি অনুকৃতি তৈরি করা হয় কিছুদিন আগে। বর্তমানে সেটি রাখা হয়েছে শিলাইদহে কুঠিবাড়ির পাশে বকুলতলার পুকুরঘাটে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরীর বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়, বজরার অনুকৃতি হাতে পাওয়ার পর তা সবার জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি রবীন্দ্রসাহিত্যের সঙ্গে ওই বজরার যোগাযোগ, হাইজ বোট পদ্মা সম্পর্কিত নানা তথ্য এবং রবীন্দ্রনাথের কোন কোন রচনা ওই বজরায় বসে লেখা হয়েছিল তা জানানো হবে দর্শনার্থীদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৫৫ ঘ.