২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদের দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

রংপুরের এক সাংসদের বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) চাল আত্মসাৎ অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

রংপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের এক সাংসদের বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) চাল আত্মসাৎ অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের জাপা দলীয় সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার আসিফের বিরুদ্ধে ওঠা এ অভিযোগের চূড়ান্ত প্রমাণ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে দুর্নীতি দমন কশিমন (দুদক) জানিয়েছে। রংপুর দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১-১২ অর্থবছরে সংসদ সদস্য কোটায় গঙ্গাচড়া উপজেলায় কাবিখা প্রকল্পের আওতায় ৩শ’ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে প্রকল্প দেখিয়ে কাজ না করেই এই সাংসদ চাল আত্মসাৎ করেন অভিযোগ পেয়েছে দুদক। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রংপুর দুদককে নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের দপ্তর। এরপর গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের সকল নথিপত্র তলব করা হয়। শনিবার তারা নথিপত্র রংপুর দুদক কার্যালয়ে পাঠান। জহিরুল হুদা বলেন, “প্রাথমিক তদন্তে এমপি আসিফের বিরুদ্ধে কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিষয়টি দুদক চেয়ারম্যানের দপ্তরকে জানানো হয়। চেয়ারম্যানের নির্দেশেই নথিপত্র জব্দ করা হয়েছে।” চূড়ান্ত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেসুর রহমান নথিপত্র পাঠানোর সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আত্মসাৎ করা চালের সরকারি মূল্য প্রায় ৮৪ লাখ টাকা। সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ নিজেকে নির্দোষ দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো ধরনের অনিয়ম হয়নি। প্রতিটি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮০৮ ঘ.