ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিজমকে ‘সর্বাধিক প্রাধান্য’ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার এ বিষয়ক একটি পৃথক প্রস্তাব গ্রহণ করেছে।
ইন্দোনেশিয়ায় সংস্থাটির ৬৫তম আঞ্চলিক বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
অটিজমকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ গুরুত্ব দেয়ার বিষয়টিকে একটি বড় অর্জন বলে অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী।
মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ডব্লিউএইচওর একটি পৃথক প্রস্তাবের অর্থ- এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।”
শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যতœ নেওয়া শেখে না। নিজে নিজে কাপড় পরা, একা একা খাওয়া বা টয়লেট করা কিংবা অন্যদের কাছে নিজের প্রয়োজন বা ইচ্ছার কথা প্রকাশ করা শিখতেও তাদের সমস্যা হয়।
সাধারণত তিন বছর বয়সের মধ্যে শিশুদের মধ্যে এসব লক্ষণ দেখা দেয়।
রুহুল হক বলেন, গত বছর জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত অটিজম নিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ‘ঢাকা ঘোষণার’ ওপর ভিত্তি করে তিনি এই প্রস্তাব করেছেন।
মানসিক স্বাস্থ্যসেবার মান বাড়ানোর দিকে সরকারগুলোর নজর দিতে এবং বিশ্বব্যাপী কোটি কোটি অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয় ঢাকা ঘোষণায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ প্রস্তাব গ্রহণ করার কারণে অবহেলিত অটিস্টিক শিশুদের প্রতি নজর দেওয়া হবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“এখন এটা মনোযোগের কেন্দ্রে আসবে।”
ইন্দোনেশিয়ায় গত ৫ সেপ্টেম্বর শুরু হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ আঞ্চলিক বৈঠকে ১১টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অটিজম নিয়ে তাদের ঐকমত্যে আসার ক্ষেত্রে গত বছর ঢাকায় অনুষ্ঠিত অটিজম বিষয়ক সম্মেলন কাজে দিয়েছে।
ওই সম্মেলনের মধ্য দিয়েই অটিজম নিয়ে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক (এসএএএন) গঠনের ভিত্তি তৈরি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে অটিস্টিক শিশুদের সেবার ক্ষেত্রে ওই নেটওয়ার্ককে বিশ্বে একটি আদর্শ নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার ব্যাপারে ১১ দেশের স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন বলে জানান রুহুল হক।
অটিস্টিক শিশুদের অধিকার, তাদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, এ জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী গড়ে তোলা, এবং পুরো কর্মকাণ্ডের জন্য আর্থিক সক্ষমতা গড়ে তোলার বিষয়েও ঢাকা ঘোষণায় আলোকপাত করা হয়।
ইন্দোনেশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বৈঠকে বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্ক, উত্তর কোরিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভুটান ও পূর্ব তিমুরের স্বাস্থ্যমন্ত্রী অংশ নিয়েছেন।
অটিস্টিক শিশুর সংখ্যা সম্পর্কে কোনো পরিসংখ্যান না থাকলেও ভারতে ৮০ লাখের বেশি এবং বাংলাদেশে প্রায় দেড় লাখ অটিস্টিক শিশু রয়েছে বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এএল/২১৪৭ ঘ.
bdnews24