২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করে কারাগারে!

নারায়ণগঞ্জে ১২ বছরের এক স্কুলশিক্ষার্থীর বিয়ের জন্য বরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ১২ বছরের এক স্কুলশিক্ষার্থীর বিয়ের জন্য বরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- বর রহমত উল্লাহ (২৫) ও তার বাবা আবু তালেব (৬০), কনের মা সখিনা আক্তার (৫০) এবং ওই বিয়ে পড়ানো কাজী কামরুজ্জামান (৪০)। এরা সবাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে সুমি (১২) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সম্প্রতি তার মা সখিনা আক্তার একই উপজেলার মুশুরি গ্রামের আবু তালেবের ছেলে রহমত উল্লাহর সঙ্গে তার বিয়ে ঠিক করেন। “মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় মান্নান তাতে আপত্তি জানান। বাবার আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার রাতে রহমতের সঙ্গে সুমির বিয়ে দেন মা সখিনা,” বলেন তিনি। বিষয়টি নিয়ে সকালে থানায় অভিযোগ করা হলে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। এ ঘটনায় সুমির বাবা আব্দুল মান্নান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৩৪ ঘ.