ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপারধের মামলায় সাফাই সাক্ষীদের নিয়ে মন্তব্যের কারণে আদালত অবমাননার অভিযোগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার জামায়াতে ইলসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের পক্ষে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে বিচারপতি এটিএম ফজলে কবির নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়।
আদেশে বলা হয়, মতিয়া চৌধুরীকে ১৯ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম গত ২৯ অগাস্ট ট্রাইব্যুনালে আদালত অবমাননার এ অভিযোগ আনেন।
এতে বলা হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী গত ৭ আগস্ট তার নিজের এলাকা শেরপুরে এক অনুষ্ঠানে বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষে যারা সাফাই সাক্ষী দিতে ট্রাইব্যুনালে আসেন, তারা ঘরে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে। ঘরে ফেরার আগেই জনগণ পিটিয়ে তাদের বিচার করে ফেলবে।
যারা যুদ্ধাপরাধীদের পক্ষে সাক্ষী দেবেন, তাদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান কৃষিমন্ত্রী।
তিনি পরদিন নালিতাবড়িতেও একই ধরনের বক্তব্য দেন বলে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়।
বৃহস্পতিবার এ বিষয়ে শুনানিতে জামায়াত নেতাদের অপর আইনজীবী এহসান সিদ্দিক ট্রাইব্যুনালকে বলেন, মন্ত্রীর এ ধরনের বক্তব্য আদালত অবমাননার সামিল।
এর আগে গত ৫ আগস্ট একই ট্রাইব্যুনালে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ আনেন জামায়াত নেতাদের আইনজীবীরা।
এ বিষয়ে ১০ সেপ্টেম্বরের মধ্যে সাজেদার ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৫৫২ ঘ.
bdnews24