নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের এক ফ্ল্যাটে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার কুমিল্লার জেলার সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকা থেকে ওমর ফারুককে (৩০) গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যা কাজে ব্যবহৃত চাকু ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ওমর ফারুক কুমিল্লার জেলার দেবিদ্বার থানার মোহনপুর গ্রামের শামসুল হকের ছেলে।
গত ১৫ অগাস্ট শহরের পাইকপাড়ার আমেনা মঞ্জিলের একটি ফ্ল্যাট থেকে মা গীতিকার মাবিয়া বেগম ও তার ষষ্ঠ শ্রেণী পড়–য়া মেয়ে সাদিয়ার জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, “মোবাইল ট্র্যাকিং করে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।”
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আব্দুস সালাম এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেরন গ্রেপ্তার হওয়া ফারুক সাংবাদিকদের কাছে এ হত্যাকাণ্ডের বর্ণনা দেন।
তিনি জানান, তার শ্বশুর বাড়িতে যাতায়াতের সুত্র ধরেই হিরু মালিকের (৩০) সঙ্গে তার পরিচয় হয়।
হত্যাকাণ্ডের দু’দিন আগে হিরু তাকে জানায় নারায়ণগঞ্জে গীতিকার মাবিয়ার বাড়িতে ৮/৯ লাখ টাকা ও স্বর্ণালংকার রয়েছে।
“তাকে হত্যা করলে আমরা ওই টাকা ও স্বর্ণালঙ্কার ভাগ করে নেব।”
হিরুর সঙ্গে মাবিয়ার পূর্ব পরিচয়ের সূত্র ধরে তারা নিহতের বাসায় উঠে তারা এ হত্যাকাণ্ড ঘটায়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এসএম আশরাফুজ্জামান, এএসপি নারায়ণগঞ্জ- এ সার্কেল গোলাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন নিহত মাবিয়ার ছোট ভাই নুরুল হুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৫ ঘ.
bdnews24