বগুড়া, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে যুবদল ও যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সভা আহবান করায় বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ধুনট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, একই স্থানে দু’টি সংগঠন কর্মসূচি গ্রহণ করায় সেখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় বুধবার দুপুর একটা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক জানান, বিকেল ৩ টায় পৌর এলাকার আদর্শ কেজি স্কুল মাঠে যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ কর্মী সভা আহবান করে।
“এ কর্মসূচির কথা জেনেও যুবদল ওই স্থানে সভা আহবান করে।”
জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার জানান, আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে পূর্বে অনুমতি নিয়ে তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস পালনের কর্মসূচি নেয়া হয়।
“১৪৪ ধারা জারি করলে স্থানীয় হুকুম আলীর মোড়ে দুপুরে কর্মসূচি পালন করবে বিএনপি।”
আদর্শ কেজি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম জানান, শুধুমাত্র যুবদল সভা করার জন্য চারদিন আগে স্কুলের সভাপতির কাছ থেকে লিখিত অনুমতি নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪৩ ঘ.
bdnews24