ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে তদন্তের পরবর্তী ধাপ শুরু করা হবে বলে দুদক কমিশনার মো. বদিউজ্জামান জানিয়েছেন।
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম মোটামুটি শেষ হলো। তদন্তকারী কর্মকর্তারা তাদের রিপোর্ট প্রস্তুত করবেন, এর ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
যতো দ্রুত সম্ভব এই প্রতিবেদন তৈরি করা হবে বলে উল্লেখ করেন বদিউজ্জামান।
পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির বিষয়ে এদিন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, “এখন পর্যন্ত অনুসন্ধানে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে পরের তদন্তে প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।”
জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতুর তদন্ত কাজ নিষ্ঠার সঙ্গে চলছে। এর ভেতরে কোনো ধরনের দুর্নীতি ধরা পড়ার আশঙ্কা নেই। যারা দুর্নীতির কথা বলছেন তারা ভুল করছেন।”
মূল সেতু নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য আবুল হোসেনকে এর আগেও এক দফা জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে পরে তারা জানায়, ঠিকাদার নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ তারা পায়নি। এরপর পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ অগাস্ট আবুল হোসেনকে চিঠি পাঠায় দুদক কর্মকর্তারা।
মূলত এ দুটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগেই গত বছর সেপ্টেম্বরে পদ্মা সেতুতে অর্থায়নের চুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক, ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে যাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
পরামর্শক নিয়োগে দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে বদিউজ্জামান বলেন, “অনুসন্ধানে অর্থ উপদেষ্টার নাম অফিসিয়ালি আসেনি। তাই এখন পর্যন্ত আমরা মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদের কোনো সিদ্ধান্ত নেই নি। তবে পরে যদি প্রয়োজন হয়, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
সেতু মূল্যায়ন কমিটির সব সদস্যকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে বলেও জানান তিনি।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্তের বিষয়ে বিশ্ব ব্যাংকের অন্যতম শর্ত ছিল- দুদক বিশ্ব ব্যাংক মনোনীত প্যানেলকে অনুসন্ধান সম্পর্কিত যাবতীয় তথ্য দেবে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে দুদক কমিশনার বলেন, “এখন পর্যন্ত বিশ্ব ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।”
বিশ্ব ব্যাংকের অর্থায়ন ঝুলে যাওয়ার পর এক পর্যায়ে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব থেকে আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে। তবে বিশ্ব ব্যাংকের শর্ত ছিল, মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, তখনকার সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের আর দায়িত্বে থাকা চলবে না।
সেই শর্ত পূরণ না হওয়ায় চলতি বছর এপ্রিলে চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক।
এ প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংককে ফেরানোর উদ্যোগের মধ্যেই গত ২৩ জুলাই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন আবুল হোসেন। এর ঠিক এক মাস পর তা গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
আবুল হোসেনের পদত্যাগের পাশাপাশি বিশ্ব ব্যাংকের শর্ত মেনে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও ছুটিতে পাঠানো হয়।
পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী, সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, পরামর্শক নিয়োগের সংক্ষিপ্ত তালিকার শীর্ষে থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হকসহ প্রায় দুই ডজন লোককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৭৩০ ঘ.
bdnews24