২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রের বাবার এসিডে ছেলেসহ শিক্ষিকা দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছাত্রের বাবার ছোড়া এসিডে শিশুসন্তানসহ গৃহশিক্ষিকা ঝলছে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছাত্রের বাবার ছোড়া এসিডে শিশুসন্তানসহ গৃহশিক্ষিকা ঝলছে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে ফতুল্লায় ইদ্রাকপুর এলাকায় এসিড দগ্ধ গৃহশিক্ষিকা শিলা আক্তার (৩০) ও তার ছেলে সিজানকে (৬) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলা আক্তার সাংবাদিকদের বলেন, ফতুল্লার ইদ্রাকপুর এলাকায় রহিমের বাড়িতে তিনি ভাড়া থাকেন। পাশের বাড়ির পলিথিন ব্যবসায়ী বারেকের ছেলে মেহেদী হাসানকে তিনি প্রাইভেট পড়ান। “রোববার দুপুরে তিনি ছেলেকে নিয়ে মেহেদীকে পড়াতে গেলে গৃহকর্তা বারেক তাকে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাকে এসিড ছুড়ে মারেন।” পরে আশপাশের লোকজন তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে বলে জানান শিলা। হাসপাতালের চিকিৎসক শামীম হায়দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসিডে ঝলছে যাওয়া মা ও ছেলের অবস্থা আরো খারাপ হতে পারে। এ জন্য তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১৭ ঘ.