চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দর থানায় একটি স্কুলের দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার মধ্যম হালিশহরের বেগমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. জলিল (৪৫) বাগের হাটের রামপাল থানার চিরকল এলাকার আবদুল মালেকের ছেলে। একই দুর্ঘটনায় মো. মানিক নামে অপর এক শ্রমিক আহত হয়।
ওই এলাকার অপর একটি স্কুলের শিক্ষক ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেগমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সংস্কার কাজ করার সময় হঠাৎ একটি দেয়াল ধসে ওই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সঞ্জয় দাশ জানান, মারাত্মক আহত অবস্থায় জলিলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত মানিক চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭৩১ ঘ.
bdnews24