মাগুরা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সর্মর্থক দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসীরা।
রোববার সকালে এ সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৫টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে বলেও জানায় তারা।
২৭ জন আহত মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসাপাতাল থেকে জানানো হয়েছে। অন্যদের মধ্যে ক’জন নড়াইল হাসপাতালে ভর্তি হয়েছে এবং বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছে।
সংঘর্ষের সময় ২/৩টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী বলেন, “আহতদের জখম সামান্য।”
হাসপাতালে চিকিৎসাধীন মজনু মোল্যা ও ইউনুস মিয়া জানান, শনিবার বিকালে স্থানীয় মনিরামপুর মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় ও গ্রামবাসীর মধ্যে বাগবিত-া ও হাতাহাতি হয়।
“এ ঘটনার জেরে রোববার সকাল ১১টার দিকে ওই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সমর্থকরা দু’ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
এতে প্রতিপক্ষের হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। এ সময় ৫টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৫ ঘ.
bdnews24