২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসূতির মৃত্যুর পর ক্লিনিক ভাংচুর মুন্সীগঞ্জে

এক প্রসূতির মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি ক্লিনিক ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক প্রসূতির মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি ক্লিনিক ভাংচুর হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার সিপাহিপাড়ায় বিক্রমপুর ক্লিনিক ভাংচুরের পর রাতেই ব্যক্তি মালিকানার ওই হাসপাতালটি বন্ধ হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। রোখসানা বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর পর ওই ভাংচুর হয়। এ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে হয় গত ২০ অগাস্ট। কিন্তু এতে ত্রুটি দেখা দেওয়ায় রোগীর অবস্থান অবনতি ঘটতে থাকে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোখসানার মৃত্যু হয়। রোখসানার অস্ত্রোপচারকারী চিকিৎসক নাসিমা আক্তার মুন্নী এর আগেও আরেকটি ভুল চিকিৎসার কারণে গ্রেপ্তার হয়েছিলেন বলে সদর থানার উপপরিদর্শক সুলতানউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন। সিপাহিপাড়া সংলগ্ন হাতিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোকসানার ভুল চিকিৎসা ধরা পড়ার ভয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠাননি চিকিৎসক নাসিমা। পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তিনি। ঢাকা মেডিকেল কলেজে শুক্রবার রাতে মারা যান রোকসানা। এ খবরে স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। দুই সন্তানের জননী রোকসানা সদর উপজেলার পানহাটার কামাল হোসেন ওরফে কাবিলের স্ত্রী। তার বাবার বাড়ি স্থানীয় কাজী কসবা গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকের বরাত দিয়ে প্রসূতির দেবর মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ২০ অগাস্ট সকালে অস্ত্রোপচারের সময় পয়োনালী কেটে ফেলেন ডা, মুন্নী। কিন্তু এ ভুলের বিষয়টি তিনি গোপন রেখেছিলেন। প্রসূতির নবজাতক মেয়েটি শিশুটি সুস্থ রয়েছে বলে জানান তিনি। উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, উত্তেজিত জনতা দেখে ক্লিনিকের লোকজন পালিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালে থাকা রোগীরাও চলে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ক্লিনিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। সদর থানার উপপরিদর্শক সুলতানউদ্দিন বলেন, ডা. নাসিমা আক্তার মুন্নী আরেকটি ভুল চিকিৎসার দায়ে গ্রেপ্তার হন, পরে জামিনে মুক্তি পান। এছাড়াও তার বিরুদ্ধে ভুল চিকিৎসার বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শুধু এমবিবিএস চিকিৎসক হয়েই তিনি অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.