২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ওই যুবক নিহত হন। তার লাশ ফেরত আনতে প্রক্রিয়া চালাচ্ছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোররাতে সীমান্তের ৩৭৬/৪ নম্বর পিলারের কাছে নিহত ওই যুবকের নাম মো. আজিরুল (৩০) বলে বিজিবি জানিয়েছে। আজিরুল বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ দোয়ারী গ্রামের পোটলা মোহাম্মদের ছেলে। বিজিবির ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজিরুল রাত সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার অতিক্রম করলে বিএএসএফের ১৪ ব্যাটালিয়নের তিনগাঁও ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে আজিরুল ঘটনাস্থলেই মারা যান। লাশ ভারতীয় সীমান্তে রয়েছে। বিজিবি কর্মকর্তা তৌহিদ জানান, বিএসএফের কাছে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নাগরভিটা সীমান্তের জিরো লাইনে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর পতাকা বৈঠক হয়। শনিবার সন্ধ্যার আগেই লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে বিজিবি কর্মকর্তারা জানান। সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বারবার প্রতিবাদ জানানো হলেও তা থামছে না। এনিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও ভারতের সমালোচনায় মুখর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.