নীলফামারী, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক সেবন ও বিক্রির অভিযোগে নীলফামারীতে দুই জনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন, দেলওয়ার হোসেন (৫৫) ও কাউছার আকাশ (১৮)। দেলওয়ার সদর উপজেলার চড়াইখোলা গ্রামের এবং কাউছার জেলা শহরের জুম্মাপাড়ার বাসিন্দা।
দেলওয়ারকে এক বছর এবং কাউছারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান নীলফামারী সদর থানার ওসি বাবুল আক্তার।
তিনি জানান, দেলওয়ার ও কাউছারকে সোমবার নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ তাদের এ দণ্ড দেন।
ওসি বলেন, দেলওয়ার ও কাউছার মাদকাসক্ত এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে।
এই দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৬২৫ ঘ.
bdnews24