২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবাষির্কীতে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে কবির পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসহ সাধারণ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে কবির পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসহ সাধারণ মানুষ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বিদ্রোহী কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় করে। সকাল ৮টায় ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কবির সমাধিতে ফুল দেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন। পরে কবির সমাধি প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকা মাহমুদা। কবির কবরে শ্রদ্ধা জানিয়ে নাতনি খিলখিল কাজী বলেন, “কবি সাম্যের যে চেতনা দেখিয়েছেন তা থেকে আমরা অনেক দূরে রয়েছি। তার এ চেতনা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে লালন করতে হবে এবং তা জনগনের মধ্যে ছড়িয়ে দিতে হবে।” আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, “কাজী নজরুল ইসলাম মানুষের কাছে প্রেমের কবি, সাম্যের ও মানবতার কবি। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী।” প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “নজরুল সাম্যের যে চেতনা দেখিয়ে গিয়েছেন তা জাতিকে পথ দেখাবে।” এছাড়াও বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র, উদিচি, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১৩০ ঘ.