লক্ষ্মীপুর/চাঁদপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় রোববার মাইক্রোবাস খালে পড়ে নয়জন নিহত হয়েছে।
বিকাল সাড়ে ৩টায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালীতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
নিহতরা হলেন রামগঞ্জ নোয়াগাঁও মিজিবাড়ির জয়নাল (৪০), তার স্ত্রী নাসিমা (৩৫), মেয়ে রহিমা (১০), ভাগ্নি রাবিয়া (২০), আমিনা বেগম (৪০), মনোয়ারা বেগম (৫৫), হারুনুর রশীদ (৬৫), জাকেয়া সুলতানা (১২) ও তামান্না (১৩)।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও মিজিবাড়ি থেকে বৌভাত উপলক্ষে মেয়েপক্ষ চাঁদপুরের ফরিদগঞ্জের নারিকেলতলা পাটোয়ারী বাড়িতে যাচ্ছিলেন।
পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এর আগে স্থানীয়রা জানিয়েছিল ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসটি খালে পড়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে মারা গেছে আরও তিন জন।
মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনে যান।
স¤প্রতি চাঁদপুরের ফরিদগঞ্জের নারিকেলতলা পাটওয়ারী বাড়ির প্রয়াত মান্নান পাটওয়ারীর ছেলে মহসিন পাটওয়ারীর সঙ্গে লক্ষ্মীপুরের রামগঞ্জের নোয়াগাঁও মিজিবাড়ির হাফেজ আহমেদ মিজির মেয়ে কুসুম আক্তারের (মুক্তা) বিয়ে হয়।
কনেপক্ষের লোকজন বৌভাতের অনুষ্ঠানে বরের বাড়ি যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচপি/এসইউ/১৮৩০ ঘ.
bdnews24