ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসা ক্ষেত্রসহ বিভিন্ন স্থানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই খুন হওয়ার প্রেক্ষাপটে রোববার চিকিৎসকদের দুটি সংগঠনের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তার দপ্তরে দেখা করে এই দাবি জানান।
চিকিৎসক নেতারা নারায়ণ হত্যার বিচার দ্রুত করার দাবি জানালে স্বরাষ্ট্রমন্ত্রী মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তরের আশ্বাস দেন।
গত বৃহস্পতিবার ভোররাতে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন ডা. নারায়ণ। তাকে হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। পুলিশ বলছে, ডাকাতের হামলায় নিহত হন নারায়ণ।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিকিৎসক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএমএ সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব শারফুদ্দিন আহমেদ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রউফ সরদার ও মহাসচিব ইকবাল আর্সালান।
ডা. নারায়ণ হত্যার প্রতিবাদে রোববারও দ্বিতীয় দিনের মতো দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সরকার সমর্থক চিকিৎসকদের নেতা ইকবাল আর্সালান সাংবাদিকদের বলেন, “স্বাচিপ নেতা ডা. নিতাই হত্যাকাণ্ডের অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করায় সন্তোষ জানাতেই মন্ত্রীর সঙ্গে দেখা ও বৈঠক করেছি। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অভিযুক্তদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছি আমরা।”
বিএমএ মহাসচিব শারফুদ্দিন আহমেদ বলেন, “বিভিন্ন স্থানে এখন চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের হামলা বা হত্যা করা না হয়, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সেজন্য দাবি জানানো হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “চিকিৎসকরা অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে আমরা এতেও সন্তুষ্ট নই। আমরা চাই, পলাতক অভিযুক্তরাও দ্রুত গ্রেপ্তার হোক। তাদের গ্রেপ্তার করতে আইন-শ্ঙ্খৃৃলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকার নিরাপত্তার বন্দোবস্ত যথেষ্ট নয় স্বীকার করে মন্ত্রী বলেন, “নিতাই যেখানে থাকতেন, সে জায়গাটিও নিরাপত্তাহীন। সেখানে কোনো সীমানা দেওয়াল নেই। তারপরও চিকিৎসকসহ সবার নিরাপত্তার দায়িত্বই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে।”
বক্ষব্যাধি হাসপাতালের নিকটবর্তী সাততলা বস্তিকে ‘সন্ত্রাস ও মাদকের আখড়া’ অভিহিত করে সাহারা বলেন, “আমরা ইচ্ছা করলেই বস্তিটি ভেঙে দিতে পারি না। সেখানে অনেক লোক আছে। তাই সাততলা বস্তি উচ্ছেদ এবং অপরাধ বন্ধে স্থানীয় পর্যায় থেকে দাবি তুলতে হবে। এজন্য চিকিৎসকদেরও এগিয়ে আসতে হবে।”
চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে অভিযোগ উঠেছে, তা প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, “রোজা ও ঈদের মতো এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩৭ ঘ.
bdnews24