২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষে মানববন্ধন

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলে সরকারের সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছেন মেডিকেল কলেজগুলোতে ভর্তিচ্ছু অর্ধশতাধিক শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলে সরকারের সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছেন মেডিকেল কলেজগুলোতে ভর্তিচ্ছু অর্ধশতাধিক শিক্ষার্থী। মেডিকেলের ভর্তি পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রোববার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হলো। এতোদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জানান, এবার থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা ১৩ ও ১৪ অগাস্ট টানা দুই দিন কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ দেখালে রাজধানীজুড়ে তৈরি হয় যানজট। এক অভিভাবকের রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট ১৪ অগাস্ট মেডিকেলে ভর্তি নিয়ে একটি রুল জারি করে। জিপিএর ভিত্তিতে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষে মানববন্ধনে মেডিকেলে ভর্তিচ্ছু সৃষ্টি সাহা সেতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে কোনো প্লাটফর্ম থেকে এখানে দাঁড়াইনি। আমাদের সাথে বিভিন্ন কলেজের শত শত শিক্ষার্থী রয়েছে।” “সরকারের সিদ্ধান্তের বিপক্ষে সোমবার হাই কোর্ট রায় দিলে আমরাও কোর্টে যাব। তবে আশা করি সরকারের সিদ্ধান্তই বহাল থাকবে,” যোগ করেন তিনি। খাইরুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর কম পেয়ে কোনো শিক্ষার্থী যদি মেডিকেলে আবেদনের সুযোগ পায় তাহলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী সৈয়দ ফারহান নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই সব ধরনের কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাক। সরকারের এই সিদ্ধান্ত কোচিং বাণিজ্য বন্ধে সহায়ক হবে।” মানববন্ধনে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এর পক্ষে কিছু যুক্তি তুলে একটি লিফলেট বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৬২২ ঘ.