নারায়ণগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যালককে অপহরণ ও হত্যার অভিযোগে শুক্রবার ঝালকাঠীর নলছিটি থেকে ভগ্নিপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হওয়ার পর গত ১১ অগাস্ট নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জের কদমতলীতে মাদ্রাসা ছাত্র রিফাতের (১২) জবাই করা লাশ পাওয়া যায়।
নলছিটির শীতলপাড়া থেকে গ্রেপ্তার এ দু’জন হলেন নিহতের ভগ্নিপতি মহিউদ্দিন হাসনাত (২২) এবং তার সহযোগী মো. সাইফুল।
মহিউদ্দিন শীতলপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শেখ নাজমুল আলম বলেন, পূর্ব পরিচয়ের সূত্রে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার তোফাজ্জল হোসেনের মেয়েকে আট মাস আগে বিয়ে করে মহিউদ্দিন হাসনাত।
এরপর কয়েকমাস শ্বশুর বাড়ি থাকে। কিন্তু শাশুড়ি মেয়েকে তার বাড়ি তুলে নিতে বললে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাশুড়ি তাকে অপমান করে তাড়িয়ে দেন।
এরপরই সে শ্যলককে খুন করার পরিকল্পনা করে বলে পুলিশকে জানিয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।
হাসনাতের বরাত দিয়ে এসপি আরো বলেন, ৩০ হাজার টাকায় হাসনাত দুই খুনীকে ভাড়া করে। অগ্রিম দেন পাঁচ হাজার টাকা।
পরে শ্যালক রিফাতকে বাড়ি থেকে তুলে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাভানা ভূঁইয়া সিটি আবাসিক এলাকার জঙ্গলে নিয়ে জবাই করে।
হত্যার পর থেকে হাসনাত নলছিটির শীতলপাড়ায় গ্রামের বাড়ি পালিয়ে ছিল বলে পুলিশ কর্মকর্তা জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, হাসনাতের স্বীকারোক্তি অনুযায়ী তার বন্ধু সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে নিহত রিফাতের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার একমাত্র ছেলে রিফাত মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তিনি সকল খুনীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০৯ ঘ.
bdnews24