বরিশাল, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এই দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।
নিহত গৃহবধূ মোর্শেদা বেগম (২৮) উজিরপুর উপজেলার মুণ্ডপাশা গ্রামের মো. মহসিন হাওলাদারের স্ত্রী।
উজরপুর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে সকাল সাড়ে ৯টায় যাত্রী নিয়ে ঈগল পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। সকাল ১০টার দিকে নতুন শিকারপুর এলাকায় বাসটি মোর্শেদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠিয়েছে।
এই ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৪৭ ঘ.
bdnews24