২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদেও আনন্দ নেই সরস্বতীপুর গ্রামে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামের বাসিন্দারা ঈদের দিন খুঁজে ফিরেছেন বজ্রপাতে প্রাণ হারানো স্বজনদের স্মৃতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

লাভলু পাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নেত্রকোনা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট-বড় সবার জন্য আনন্দ বয়ে আনা ঈদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামের অনেক বাড়িতেই হাসি ফোটাতে পারেনি। ঈদের আনন্দের বদলে গ্রামবাসী খুঁজে ফিরেছে হারানো স্বজনদের স্মৃতি। গত ১০ অগাস্ট রাতে গ্রামের একটি পাঞ্জেখানায় (নামাজ পড়ার অস্থায়ী ঘর) তারাবির নামাজ পড়ার সময় বজ্রপাতে ১৩ মুসুল্লি প্রাণ হারান। গুরুতর আহত হন আরও ১৫ জন। নিহতরা হচ্ছেন, ইমাম সাহাব উদ্দিন (৪৫), রিপন (১৮), নজরুল ইসলাম (৪০), নুরুল ইসলাম (৬০), হযরত আলী (৩০), মজলুমিন (৩০), গফুর মিয়া (৭৫), বাদশাহ মিয়া (১৮), আবু তাহের (৬৫), মানিক (৪৫), ছালাম মিয়া (৫০), নূর ইসলাম (৬৫), আনোয়ার হোসেন (১৮)। এদের মধ্যে ইমাম সাহাব উদ্দিনের বাড়ি উপজেলার বানারশিদপুর গ্রামে ও নজরুল ইসলামের বাড়ি মোজাফ্ফরপুর গ্রামে। জয়শ্রী ইউনিয়নের ইউপি সদস্য ও সরস্বতীপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রামের মানুষের ঈদ তো ২০ রোজার রাতেই চলে গেছে। প্রায় আড়াইশ’ পরিবারের এই গ্রামের মানুষের মন ভালো নেই। গ্রামের ঘরগুলোয় শোকের ছায়া।” “সকালে গ্রামের মসজিদের জামাতে নিহতদের জন্যে দোয়া করা হয়েছে। পরে গ্রামের লোকজন ও নিহতদের পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেছেন”, যোগ করেন তিনি। তিনি বলেন, “যে মানুষগুলো গত বছরও আমাদের সঙ্গে ঈদ করেছে, তারা এই ঈদে নেই, এটা ভাবতেই পারছি না। এক সঙ্গে এতোগুলো মানুষ চলে গেল, কেউ মানতে পারছে না।” সেদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সরস্বতীপুর গ্রামেরই বাসিন্দা জিয়াউর রহমান (৩২) ও জয়নাল আবেদীন খান (৬২)। সেদিনের ঘটনা মনে করতে গিয়ে কেঁদে উঠেন দুজনেই। তারা জানান, গ্রামেরই একটি চালা ঘরের পাঞ্জেখানায় তারা নামাজ পড়ছিলেন। ঘরটির বেড়া ছিল না। নামাজ পড়া যখন শেষের দিকে তখনই সেখানে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। আহতদের ট্রলারে করে ধর্মপাশা উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বাকিরা মারা যান। এক সঙ্গে এতোগুলো মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামের কোন মানুষই। বজ্রপাতে প্রাণ হারানো হযরত আলীর মা কল্পনা আক্তার কান্নায় ভেঙে পড়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবারে ছাড়া কী ঈদ করুম। সকালে নামাজ পড়ে তার কবর জিয়ারত করছি। ঈদের আর কী আছে। হয়রতের বাপেরও তো কোন ঈদ নাই। খালি কান্দে।” বজ্রপাতে নিহত আবু তাহেরের স্ত্রী নূরজাহান বেগম স্বামীকে হারিয়ে দিশেহারা। এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না স্বামী নেই। তাই ঈদের দিনেও তার বাড়িতে কোন কোলাহল নেই, আনন্দ নেই। নিহত আবু তাহেরের ছেলে রেন্টু, রেজু, পরান, সাজন ও শাহনূর কেউই ঈদের নতুন জামা পড়েনি। নেই বন্ধুদের সঙ্গে এপাড়া ওপাড়া বেড়ানো। একই অবস্থা নিহত মানিক মিয়ার বাড়িতেও। স্ত্রী রেহেনা আক্তারের কাছে এবারের ঈদ স্বামীর স্মৃতি খুঁজে ফেরার দিন। রেহেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ ছেলের মুখের দিকে চেয়েই ঘরে সেমাই রান্না করেছি। পাঁচ ছেলে তাদের বাবার সঙ্গে এক সঙ্গে ঈদগাহে যেত। এবার বাবাকে ছাড়াই ছেলেরা নামাজ পড়তে গিয়েছে।” বাবা গফুর মিয়া ও ভাই মজলুমিনকে এক সঙ্গে হারিয়েছেন সেলিম। তিনি জানান, কবর জিয়ারতই এবার তাদের কাছে ঈদ উদযাপন। একই কথা জানালেন ছেলে হারানো মা আনোয়ারা বেগম। তিনি ছেলে রিপনকে হারিয়েছেন। ঈদের কথা জানতে চাইলে কাপড় দিয়ে মুখ ঢেকে আনোয়ারা বলেন, “আমার কোনো ঈদ নেই।” ধর্মপাশা থানার ওসি বায়েছ আলম জানান, পুরো স্বরস্বতীপুর গ্রামেই যেন নেমেছে শোকের ছায়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২০২০ ঘ.