বরিশাল, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগের দিন বরিশালে বিআইডব্লিউটিসির স্টিমার মাহসূদের ধাক্কায় বিকল হয়ে গেছে স্টিমার পিএস লেপচা।
নৌ-পুলিশ ফাড়ির হাবিলদার মো. আলী আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে বিআইডব্লিউটিএর বরিশাল ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, বিআইডব্লিউটিসির বিশেষ সার্ভিস হিসেবে ভোরে লেপচা যাত্রী নিয়ে ঘাটে পৌঁছায়। সকাল সোয়া ৫টার দিকে ঢাকা-বরিশাল রুটের নিয়মিত স্টিমার এমভি মাহসূদ ঘাটে থামানোর সময় লেপচার প্যাডেলে সজোরে ধাক্কা লাগে। এতে লেপচার প্যাডেল গিয়ার ভেঙ্গে গেলে লেপচায় থাকা ৭/৮ শ’ যাত্রীকে সী ট্রাক ও বিআরটিসিরি বাসে উঠিয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী কমল কৃষ্ণ মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহসূদের ধাক্কায় লেপচার প্যাডেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালে এটা মেরামত করা সম্ভব নয়। আরেকটি জাহাজের মাধ্যমে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে টেনে নিয়ে সেখানে মেরামত করতে হবে।”
তবে মেরামত করতে কতদিন সময় লাগবে, ঈদের পর ফিরতে সার্ভিসে জটিলতা সৃষ্টি হবে কি না- সে বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩২৫ ঘ.
bdnews24