নওগাঁ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিদস্যুদের হাতে নিহত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা আলফ্রেড সরেন হত্যার ১২ বছর পুর্তিতে হত্যার বিচার দাবি করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
শনিবার সকাল ১১টায় ভীম পুরে শহীদ আলফ্রেড সরেনের কবরে ফুল দিয়ে এবং নওগাঁ-মহাদেবপুর মহাসড়কে স্থানীয় কদমতলী মোড়ে মানব বন্ধন করে তারা।
২০০০ সালের ১৮ অগাস্ট নওগাঁ শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মহদেবপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্ল¬ী ভীমপুরে ভূমিদস্যুরা হামলা চালায়। সেদিন দিনের বেলায় হামলাকারীরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ও ভূমিহীনদের নেতা আলফ্রেড সরেনকে কুপিয়ে হত্যা করে। ওই হামলায় নারী-শিশুসহ ৩০/৩৫ জন আহত হয়। সন্ত্রাসীরা বাড়িঘরে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়।
এ ঘটনায় নিহতের বোন রেবেকা সরেন একটি হত্যা মামলা করেন।
শনিবার মানববন্ধনকালে এক সমাবেশে আলফ্রেডের বোন রেবেকা সরেন বলেন, “আলফ্রেড সরেন হত্যাকা-ের ১২ বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের বিচার হয়নি।”
“জামিনে থাকা আসামী হাতেম-গদাই চক্র বাদীসহ ওই গ্রামের বাসিন্দাদের হত্যার হুমকি দিয়ে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে।”
এ সমাবশে ওয়ার্কার্স পার্টির নেতা ও সংসদ সদস্য ফজলে হাসান বাদশা ও আলফ্রেডের মেয়ে ঝর্ণা সরেনও বক্তৃতা করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
আলফ্রেড হত্যা মামলার কৌঁসুলি অ্যাড. মহশিন রেজা জানান, আলফ্রেড হত্যা মামলাটি হাইকোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯৪৩ ঘ.
bdnews24