২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বিক্ষোভে পোশাক শ্রমিকরা

ঈদের আগে চলতি মাসের অর্ধেক বেতন দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে চলতি মাসের অর্ধেক বেতন দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বিকালে ওই শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে। এতে ঈদের ব্যস্ততম সময়ে ওই সড়কে দেখা দেয় যানজট। পুলিশ জানায়, চলতি অগাস্ট মাসের অর্ধেক বেতন দাবিতে আউখাব এলাকায় বেনেটেক্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। শ্রমিকদের অবরোধে বিকাল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তখন পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়াও হয় বলে স্থানীয়রা জানায়। কারখানার শ্রমিক আয়েশা আক্তার, মরিয়ম, জসিমউদ্দিন, সুলতান মিয়া জানান, বৃহস্পতিবার চলতি মাসের অর্ধেক বেতন শ্রমিকদের পরিশোধ করে ঈদের ছুটি ঘোষণার কথা ছিল। “কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে শুক্রবার কাজ শেষে শনিবার সকালে বেতন ও ওভার টাইমের টাকা পরিশোধ এবং বোনাসের টাকা ঈদের পর দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকদের মধ্যে অসন্তোাষ দেখা দেয়,” বলেন আয়েশা। এই বিষয়ে কারখানার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, “পুলিশ গিয়ে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।” এই বিক্ষোভের কারণে সন্ধ্যার পর মহাসড়কে কিছুটা যানজট ছিল, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩০ ঘ.