কুমিল্লা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার লাকসামে বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় হতাহতদের সবাই শ্রমিক। তারা ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের ফজলুল হকের ছেলে জিয়ারুল (২৭), একই গ্রামের বরজাহানের ছেলে মিজানুর রহমান (১৬) এবং একটিপুর গ্রামের শাহ জামানের ছেলে সেলিম রেজা (২৭)।
লালমাই হাইওয়ে থানার ওসি আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টায় কুমিল্লা-নোয়খালী সড়কের লাকসামের চন্দনা কৃষ্ণপুর এলাকায় যাত্রীসেবা পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানটির সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান।
আহতদের লাকসামের ফেয়ার হেলথ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত শ্রমিকরা পুলিশকে জানান, তারা নোয়াখালীর চাটখিলে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জে বাড়ি যাওয়ার জন্য বাসটি ভাড়া করেন তারা।
এ ব্যাপারে লাকসাম থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২০২ ঘ.
bdnews24