রবিউল হাসান ডলার, আতিয়ার বাড্ডা, আঞ্জুমান আরা বেবী
ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খরার মুখে ব্যাহত হচ্ছে আমন ধানের চাষ। কোথাও ধান রোপণের পর বৃষ্টি না থাকায় মাঠ ফেটে যাচ্ছে, আবার কোথাও পানির অভাবে মাঠ তৈরি না থাকায় আমন চাষ করতে পারছে না কৃষক।
চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় গত বছরের চেয়ে এবার বৃষ্টিপাত হয়েছে কম। ফলে কৃষককে আমন রক্ষার জন্য ভরা বর্ষাতেও সেচের ওপর নির্ভর করতে হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চাঁপাইনবাবগঞ্জে ৫৩ হাজার ৫২৭ হেক্টর জমির অর্ধেক এখনো আবাদের বাকি। নীলফামারীর চাষীরা এখন পর্যন্ত প্রায় এক লাখ হেক্টর জমিকে চারা রোপণ করতে পারলেও বৃষ্টির অভাবে পতিত রয়েছে আরো প্রায় ৯ হাজার হেক্টর জমি।
খরার মুখে থাকা আমন ফসল এ দুই জেলায় লক্ষ্যমাত্রার কতটা অর্জন করতে পারবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কৃষকরা।
যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টি হচ্ছে না সত্য, কিন্তু এখনো সময় আছে। তাছাড়া মাঠ বাঁচাতে বিকল্প সেচের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় এ বছর মে মাসে ২৩ মিলিমিটার, জুন মাসে ১১৫ মিলিমিটার এবং জুলাই মাসে ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ গত বছর মে মাসে ১৪৮ মিলিমিটার, জুন মাসে ৪৬০ মিলিমিটার এবং জুলাই মাসে রেকর্ড করা হয়েছিল ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত।
সরজমিনে দেখা যায়, বরেন্দ্র অঞ্চলের জমি সমান নয়। নীচু জায়গায় পানি জমেছে, ফলে সেখানে চাষ করতে পেরেছেন কৃষকরা। কিন্তু একটু উঁচু জমিই অনাবাদী রয়ে গেছে।
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিল বৈলঠা মৌজার কৃষক কুরবান আলী জানান, তিনি ১৫ বিঘা জমির মধ্যে ২ বিঘা জমিতে ধান রোপণ করতে পেরেছেন। গভীর নলকূপের সেচের মাধ্যমে জমি তৈরি করতে পারলেও এখন চাহিদা অনুযায়ী পানি পাচ্ছেন না।
সদর উপজেলার নয়া নগর মৌজায় ১৬ বিঘা জমি রয়েছে কৃষক আনসার আলীর। তিনি জানান, মাত্র ৬ বিঘা জমিতে ধান রোপণ করতে পেরেছেন। আমন চাষ ব্যহত হলে পরে রবিশস্যোর উপর তার প্রভাব পড়বে বলে মনে করেন এই কৃষক।
একই কথা জানালেন নাচোল উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক আব্দুস সামাদ।
তিনি জানান, আমন বৃষ্টিনির্ভর ফসল, সেচ নির্ভর না। ফলে তার মতো অনেকেই এখনো আমন রোপণ করতে পারেননি। খুব শিগগিরই ভারী বৃষ্টি না হলে অনেক জমি পতিত থাকবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টানা বৃষ্টির অভাবে আমন চাষ কিছুটা ব্যহত হচ্ছে। তবে এখনও কিছু দিন সময় আছে। অর্ধেক লাগানো হয়ে গেছে বাকি অর্ধেকও লাগানো যাবে। ফলে জেলার ১ লাখ ৩৫ হাজার ৪৯৩ মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
তিনি জানান, জেলায় ১ হাজার ৬৪০টি ডিজেল ও বিদ্যুৎচালিত পাম্প এবং গভীর নলকূপের আওতায় ৩২ হাজার ৮২০ হেক্টর জমি রয়েছে। সেচের আওতায় যেসব জমি রয়েছে সেসব এলাকায় কৃষকরা পানি পাচ্ছেন।
নীলফামারী প্রতিনিধি জানান, এক মাস ধরে বৃষ্টির দেখা না পওয়ায় আমনের ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ধানের চারা নিস্তেজ হয়ে যাচ্ছে।
পহেলা জ্যৈষ্ঠ থেকে ২৩ আষাঢ় পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়েছে ৮৪০ মিলিমিটার, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে কৃষকরা জানান।
সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের কৃষক সহিদুল ইসলাম (৪০), কৃষক নুরুল ইসলামসহ (৪৯) আরো অনেকেই জানান, বোরো আবাদ করে তারা ধানের দাম পাননি। ভূট্টা আবাদ করে লোকসান গুনতে হয়েছে। এখন পাটেরও তেমন দাম নেই। এই তিনটি ফসলে মার খেয়ে কৃষকের মাজা ভেঙ্গে গেছে।
এখন আমন চাষে বৃষ্টি না থাকায় কৃষক হতাশ হয়ে পড়েছে। সেচ কেনার মতো পয়সাও অনেকের কাছে নেই বলে জানান কৃষকরা।
জেলা কৃষি স¯প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক মাস ধরে বৃষ্টি নেই, তাই আমনের চাষ ব্যহত হচ্ছে।
তিস্তা সেচ প্রকল্প থেকেও ক্ষেতে সম্পূরক সেচ দেয়া হচ্ছে। বিএডিসি ও বিএমডিএকে তাদের সেচ পাম্পগুলো চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এবার জেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন চাল।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা না মেলায় আমন ক্ষেত রক্ষায় হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন বৃষ্টির খুব প্রয়োজন। কৃষি বিভাগ অগভীর নলকূপের সাহায্যে বা অন্য যে কোনো উপায়ে সেচ দিয়ে ফসল রক্ষার প্রচার চালাচ্ছে।”
পানির অভাবে উঁচু জমিতে রোপণ করা ৫০ হাজার হেক্টরের আমন ক্ষেত হুমকির মুখে রয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়।
বেলায়েত হোসেন জানান, এই পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় ১ লাখ ২৭ হাজার ৮৮৫ হেক্টর জমিতে আমন চারা রোপণ হয়েছে। কিছু দিনের মধ্যে বৃষ্টি না হলে ৫০ হাজার হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হবে।
সদর উপজেলার সিঙ্গিয়া, সালন্দর, দেওগাঁ, আওলিয়াপুর, ভাতগাঁও এবং বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকার আমন ক্ষেত পানির অভাবে ফেটে চৌচির। এখন অনেকে ডিজেলচালিত অগভীর নলকূপ দিয়ে সেচ দিয়ে চারা বাঁচানোর চেষ্টা করছেন।
বরেন্দ্র কর্তৃপক্ষের ১ হাজার ২৩০টি গভীর নলকূপ ও কৃষকের ৪৬ হাজার ৭৩৭টি অগভীর নলকূপ সচল রয়েছে। জেলার ৬৫ হাজার হেক্টর জমি সেচের আওতায় এবং বাকি ৭৭ হাজার হেক্টর জমি বৃষ্টির পানির ওপর নির্ভরশীল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮১১ ঘ.
bdnews24