নীলফামারী, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে দুস্থ নারীদের জন্য সরকারের বরাদ্দের চাইতে কম চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার ১৯৯ জন দুস্থ নারীকে তাদের জন্য জুন ও জুলাই মাসের জন্য বরাদ্দ ৬০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৪০/৪১কেজি করে বিতরণ করা হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
এ চাল কম দেওয়ার জন্য নীলফামারী সদরের চাপড়া সরনজানী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল জামান চৌধুরীকে অভিযুক্ত করেন চালগ্রহীতারা।
চাল কম দেওয়ার কথা স্বীকার করে চেয়ারম্যান আসাদুল জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নীলফামারী সরকারি খাদ্য গুদাম থেকে চাল কম দেওয়ায় দুস্থদের চাল কম দেওয়া হয়েছে।
“প্রতিজন কার্ডধারীকে ৬০ কজি করে চাল দিতে হলে পকেটের টাকা দিয়ে কিনে দিতে হবে।”
তবে গুদাম থেকে চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ¬ব কুমার সিংহ জানান, সংশ্লি¬ষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা তার প্রতিনিধির উপস্থিতিতে গুদাম থেকে ওজন করে চাল সরবরাহ করা হয়। কাউকে ওজনে কম দেওয়া হয় না।
অবশ্য খাদ্য গুদাম থেকে নিয়ে আসা ২/১টি বস্তা ওজন করে ২/১ কেজি করে চাল কম পাওয়ার কথা জানান চাপড়া সরনজানী ইউনিয়নে ত্রাণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান।
তবে জন প্রতি গড়ে ২০ কেজি করে চাল কম দেওয়ার প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০১ ঘ.
bdnews24