ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থের বিনিময়ে অবৈধভাবে রেলের ‘আসন বিক্রির’ অভিযোগে অ্যাটেনন্ডেন্ট মো. নিজাম উদ্দীনকে মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের সময় অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে নিজামকে বরখাস্তের এই নির্দেশ দেন মন্ত্রী।
এছাড়া পরিদর্শনের সময় একটি ট্রেনের লাইট ও ফ্যান নষ্ট থাকায় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী সাবা উদ্দীনকে কারণ দর্শানোর এবং বদলির নির্দেশ দেন ওবায়দুল কাদের।
পরে এ ঘটনায় রেলওয়ে কর্মকর্তাদের বৈঠকে সিনিয়র সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (ফোন/ লাইট) আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী অজয় কুমার পোদ্দারকে কারণ দর্শাতে বলা হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রীর নির্দেশে রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরের সভাপতিত্বে এক সভায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
পরিদর্শনের সময় যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে দাবি করেন, এবার টিকেট কালোবাজারি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/১৪১৫ ঘ.
bdnews24