চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাঁচলাইশ থানা হাজত থেকে এক আসামি পালিয়ে গেছে।
মঙ্গলবার রাত আটটা থেকে দশটার মধ্যে কোনো এক সময় থানা হাজতের টয়লেটের ভেন্টিলেটর ও সংলগ্ন দেয়াল সামান্য ভেঙ্গে ওই আসামি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালের দিকে পুলিশ বিষয়টি টের পায়।
পালিয়ে যাওয়া আসামির নাম মো. রুবেল (১৯)। সে নগরীর শুলকবহর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে হাজতখানার টয়লেটে ভেন্টিলেটর ও দেয়ালের কিছু অংশ ভেঙ্গে ওই আসামি পালিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে পাঁচলাইশ থানা পুলিশ দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা মিরাজ বলেন, পালিয়ে যাওয়া রুবেলকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৩৩৩ ঘ.
bdnews24