২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শোকাবহ ১৫ অগাস্টে স্মরণে বঙ্গবন্ধু

মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক ঘাতকদের খুঁজে এনে দণ্ড কার্যকরের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি ঘাতকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 06:23 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে তার ঘাতকদের বিদেশ থেকে এনে মৃত্যুদণ্ড কার্যকরে সরকারকে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩৭ বছর আগের ভয়াল এক রাতে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। শোকাবহ স্মৃতির দুয়ারে দাঁড়িয়ে মঙ্গলবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণীতে একথা বলেন। বুধবার জনক হারানোর দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণের প্রস্তুতি রয়েছে সারাদেশজুড়ে। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য বুধবার সরকারি ছুটি। ১৫ অগাস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হবে। ৩৭ বছর আগে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারাতে হয় তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের। ধানমণ্ডির বাড়িতে পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলকেও গুলি চালিয়ে হত্যা করা হয়। সেই রাতে আরো নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু। ’৭৫ এর পর থেকেই আওয়ামী লীগসহ সমমনা রাজনৈতিক দল ও সংগঠনগুলো দিনটি শোক দিবস হিসেবে পালন করে আসছে। আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ অগাস্ট নিজের জন্মদিন পালন করে আসছেন। এবার তিনি সৌদি আরবে থাকায় বড় কোনো আয়োজন না থাকলেও কেক কাটা হয়েছে। ১৯৯৪ সাল থেকে খালেদা জিয়া ১৫ অগাস্ট তার জন্মদিন পালন করে আসছেন। আওয়ামী লীগ মনে করে, ‘বিতর্কিত’ এই জন্মদিন পালনের মধ্য দিয়ে খালেদা জিয়া দৃশ্যত আগস্ট হত্যাকাণ্ড ‘উদযাপন’ করে থাকেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে খালেদার স্বামী জিয়াউর রহমানের ইন্ধন ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২১ বছর ধরে রাষ্ট্রীয় গণমাধ্যমে এই দিনের স্মরণে কোনো আয়োজন ছিল না। আওয়ামী লীগ অভিযোগ করে থাকে, উল্টো বঙ্গবন্ধুকে মুছে ফেলার সব চেষ্টাই চালিয়েছিল পরবর্তী শাসকরা। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৫ অগাস্টকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত হয়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করে। তবে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এসে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল করে। এরপর থেকে আবার আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই দিনটি পালিত হয়ে আসছিল। ২০০৮ সালে হাই কোর্ট এক রায়ে ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহালের নির্দেশ দেয়। এরপর পুনরায় ক্ষমতায় ফেরা আওয়ামী লীগ ওই সিদ্ধান্ত কার্যকর করে। এবার জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সংস্পর্শ পাওয়া জিল্লুর রহমান ১৯৭৫ এর ১৫ অগাস্টকে জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় আখ্যায়িত করে বলেছেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব ঘাতক আজো বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সর্বোচ্চ তৎপরতা চালাতে হবে।” “আমাদের দায়িত্ব হবে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা,” বলেন তিনি। ১৫ অগাস্ট বেঁচে যাওয়া বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও জনগণের নিকট থেকে তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। ১৫ কোটি বাঙালির অন্তরে প্রোথিত রয়েছে বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ।” দেশব্যাপী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগের পাশাপাশি সরকারি বিভিন্ন কর্মসূচিও রয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিবস উপলক্ষে কর্মসূচি পালন করবে। সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বনানী গোরস্থানে ১৫ অগাস্টের নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে বেলা ১১টায় শেখ হাসিনার টুঙ্গীপাড়ায় যাওয়ার কথা রয়েছে। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে সব মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। জেলা ও উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালনের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে মিলাদ ও দোয়া হবে। আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রবাদপুরুষ বলে পরিচিত শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন। এরপর ’৫২-র ভাষা আন্দোলন, ’৫৪-তে যুক্তফ্রন্টের নির্বাচন, ’৬৬-তে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা এবং ’৬৮-তে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। ১৯৬৯-এ ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে কারামুক্ত করে তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে। ১৯৭১ সালের উত্তাল মার্চে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিপ্লবী কণ্ঠে বঙ্গবন্ধুর স্বাধীনতার চূড়ান্ত ডাক- ‘এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম- আমাদের স্বাধীনতার সংগ্রাম’ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগায়। তার নেতৃত্বেই দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/০৯৩০ ঘ.