২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিও বিতরণ কার্যক্রম আঞ্চলিক জোনে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নয়টি আঞ্চলিক জোনের মাধ্যমে এমপিও বিতরণ কার্যক্রম পরিচালনা করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নয়টি আঞ্চলিক জোনের মাধ্যমে এমপিও বিতরণ কার্যক্রম পরিচালনা করবে সরকার। এমপিও বিতরণ বিকেন্দ্রীকরণের ফলে ঢাকা বিভাগের বাইরের শিক্ষকদের আর রাজধানীতে আসতে হবে না। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এতদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এমপিও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হত। পরিপত্রে বলা হয়, শিক্ষা ব্যবস্থাপনা আরো গতিশীল, সুবিন্যস্ত ও স্বচ্ছ করার জন্য এমপিও বিতরণ কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এ মাসের মধ্যেই খুলনা অঞ্চলে প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করা হবে। পাইলটিং কার্যক্রম অনুসারে খুলনা অঞ্চলের উপ-পরিচালক প্রচলিত বিধি অনুসারে উক্ত অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত নথি নিষ্পত্তি করবেন বলে পরিপত্রে বলা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তি, টাইম-স্কেল ও এমপিও সংক্রান্ত অন্য কার্যক্রমের অধিদপ্তরের অঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালককে সভাপতি করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭৪০ ঘ.