ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথের একটি রেস্তোরাঁ থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে আটক ৩৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতের অনুমতি পেয়েছে পুলিশ।
পুলিশের আবেদনে মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলাবাগান থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক দুইদিন মঞ্জুর করেন।
রোববার রাতে পান্থপথে আশিয়ানা নামের একটি রেস্তোরাঁ থেকে হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে এই ৩৫ জনকে আটক করে র্যাব। পরে তাদের বাসায় তল্লাশি করে সংগঠনটির বেশ কিছু লিফলেটও উদ্ধার করা হয়।
পুলিশ হেফাজতের আবেদন শুনানির সময় সন্দেহভাজন হিজবুত সদস্যদের কারো কারো পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করে দেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/আরএ/১৬৩৫ ঘ.
bdnews24