ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি না করে আলাদা পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এতে পুরানা পল্টন থেকে শাহবাগ ও হাই কোর্টের দিকে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করার পর প্রায় তিনশ শিক্ষার্থী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন। এরপর তারা বেলা সোয়া ১২টার দিকে স্মারকলিপি দিতে সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে সড়কে বসে পড়ে অবস্থান ধর্মঘট শুরু করেন।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচজনকে সচিবালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসবেন।
“শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, যাতে তারা জান-মালের ক্ষতি না করে”, বলেন পুলিশ কমিশনার।
এতোদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জানান, চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রোববার ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়।
রাজধানীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকালে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে।
মেডিকেলে ভর্তি পদ্ধতি পরিবর্তনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবারই হাই কোর্টে একটি রিট আবেদন করেন ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবী। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা।
আদালত থেকে ‘ইতিবাচক’ কোনো আদেশ এলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তিচ্ছুরা।
অবশ্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের এই বিক্ষোভে ‘কোচিং সেন্টারগুলোর ইন্ধন’ রয়েছে।
সোমবার বিক্ষোভের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার কাছে তথ্য আছে যে কোচিং সেন্টারগুলো ছাত্রদের বিক্ষোভে নামাচ্ছে। তারা পুরাতন পদ্ধতি ফিরিয়ে আনার কথা বলে ছাত্রদের মাঠে নামাচ্ছে।”
তবে মঙ্গলবার শহীদ মিনারে আসা এক শিক্ষার্থীর অভিভাবক সুফিয়া রহমান শহীদ মিনারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা পদ্ধতি যদি বাতিল করতেই হয়, তাহলে শুধু মেডিকেলে কেন? বিশ্ববিদ্যালয় আর অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষা রেখে কেবল মেডিকেলে ভর্তিতে এই বৈষম্য কেন?”
আরেক শিক্ষার্থীর অভিভাবক স্বপ্না বেগম বলেন, “পরীক্ষা না নিয়ে কেবল এসএসসি ও এইচএসসির ফল দেখে ভর্তি করলে দুর্নীতি হবে। ভর্তির ক্ষেত্রে কোনো স্বচ্ছতাও থাকবে না। এতে অনেক মেধাবী বঞ্চিত হবে।”
বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।
এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।
এছাড়া নয়টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। এছাড়া ১৪টি প্রাইভেট ডেন্টাল কলেজে আসন রয়েছে ৮৭০টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৩০০ ঘ.
bdnews24