২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হকার-পুলিশ সংঘর্ষ

বন্দরনগরী চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। মেডিকেলে ভর্তির নতুন নিয়মের প্রতিবাদে ভর্তিচ্ছুরা মঙ্গলবার দুপুরে একটি মিছিল নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন হকারকে লাঠিপেটা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি নিউ মার্কেট মোড়ে পৌঁছানোর পর পুলিশ রাস্তার পাশের হকারদের মালামাল সরাতে বলে। তারা দেরি করলে পুলিশ সদস্যরা লাঠিপেটা শুরু করে। এরপর কয়েক শ’ হকার লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া করে এবং তাদের দিকে ইট পাটকেল ছোড়ে। এ সময় পুলিশ পিছু হঠে যায়। নিউ মার্কেট এলাকার হকার মো. ইউনুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিল আসতে দেখেই আমি মালামাল সরানো শুরু করেছিলাম। কিন্তু পুলিশ আমাকে লাঠিপেটা করে। এরপর অন্যরা এর প্রতিবাদ করলে পুলিশ সদস্যরা চলে যায়।” প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের পিছনে আসা পুলিশের গাড়িটি হকারদের তোপের মুখে নিউ মার্কেটের মোড় থেকে মিছিলের পেছনে আর যেতে পারেনি। পুলিশ শেষ পর্যন্ত অন্য পথে এলাকা ত্যাগ করে। কোতোয়ালি থানার উপ পরিদর্শক ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিল সহজে যেতে দিতে হকারদের মালামাল রাস্তা থেকে সরাতে বলা হয়েছিল। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে পুলিশের সঙ্গে হকারদের ছোটখাটো অপ্রত্যাশিত ঘটনা ঘটে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/১৮৪০ ঘ.