চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাসপোর্ট জালিয়াতির অভিযোগে চট্টগ্রামের লালদিঘীরপাড় এলাকার একটি ট্রাভেল এজেন্সি থেকে চারজনকে আটক করেছে র্যাব।
এ সময় ৬২টি পাসপোর্ট ও এক লাখ ৭০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- এজেন্সির কর্মকর্তা মজিবুর রহমান ও ফৌজুল আমিন এবং দুই দালাল গোলাম মোস্তফা ও হাফিজুর রহমান।
সোমবার বিকালে ওই এলাকার জেলা পরিষদ মার্কেটের রয়েল এন্টারপ্রাইজ নামে ওই ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর কর্মকর্তা মেজর রাকিবুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এজেন্সিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে মজিবুর ও ফৌজুল এজেন্সির কর্মকর্তা।
অভিযানে জালিয়াতি করে বিভিন্ন তথ্য সংযোজনের অভিযোগে ৪২ পাসপোর্ট ও মেয়াদ উত্তীর্ণ আরো ২০টি পাসপোর্টসহ মোট ৬২টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এ ছাড়া সত্যায়িত করার কাজে ব্যবহৃত অবৈধ ১০টি সিল ও কিছু জাতীয় পরিচয়পত্রের নকল কপি ও ভোটার তালিকা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
মেজর রাকিবুল বলেন, ওই এজেন্সিতে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক লোকদের পাসপোর্টে অবৈধভাবে বিভিন্ন তথ্য সংযোজন, মিথ্যা মেডিকেল প্রতিবেদন সংযোজন করার অভিযোগ পাওয়া গেছে। ১২/১৩ হাজার টাকার বিনিময়ে তারা এ কাজ করে থাকে।
অবশ্য এজেন্সির মালিক আবুল কাশেমকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০০৮ ঘ.
bdnews24