২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএতে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত চ্যালেঞ্জ

পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ‘জনস্বার্থে’ হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন এক আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ‘জনস্বার্থে’ হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন এক আইনজীবী। সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভর্তিচ্ছুদের বিক্ষোভের মধ্যেই ড. ইউনুস আলী আকন্দ নামের এই আইনজীবী সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন। তিনি জানান, মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। রিট আবেদনে দুটি রুল এবং দুটি অন্তর্র্বতীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিলে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে রুল চেয়েছেন ইউনুস আলী। একইসঙ্গে ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করার অন্তর্র্বতীকালীন আদেশ এবং ২০১২-১৩ সেশনে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞাপন প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। এই রিট আবেদনে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রোববার এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনের জন্য দুই পরীক্ষা মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকার শর্তের কথা জানান তিনি। এর প্রতিবাদে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় এবং অবস্থান ধর্মঘট পালন করেন। বিক্ষোভ ও মানববন্ধন হয় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানেও। আগামী ১২ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে। অন্য বছর মেডিকেলে ভর্তি পরীক্ষাও কাছাকাছি সময়ে হয়ে থাকে। গত বছর ২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হয়। ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের প্রধান দুই রাজনৈতিক দলই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। বুয়েট অচল করে দিয়েছে। এখন মেডিকেল ধ্বংস করে দিতে চায়। ভর্তি পরীক্ষা ছাড়া মেডিকেলে ভর্তি করলে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মেধাবীরা বঞ্চিত হবে। পরীক্ষা না হলে ভর্তি থেকেই দুর্নীতি বাড়বে। “পরীক্ষা ছাড়া কীভাবে মেধা যাচাই করবে? দেশে আটটি বোর্ড আর একটি মাদরাসা বোর্ডের প্রশ্ন একভাবে হয় না। তাই আলাদা প্রশ্নপত্রে নেওয়া পরীক্ষার ভিত্তিতে সঠিকভাবে মেধা যাচাই করা যায় না”, যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৩৫ ঘ.