২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

নিহত পুলিশ কনস্টেবল আসগর আলী গত জুলাই মাসে সুদান যান। তিনি সংঘাতপ্রবণ দারফুরে কাজ করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুদানের সংঘাতপ্রবণ দারফুরে বিদ্রোহীদের গুলিতে বাংলাদেশি এক শান্তিরক্ষী নিহত হয়েছে। আসগর আলী (৪২) নামে পুলিশের ওই সদস্য রোববার বিকালে নিহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সুদানে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর যৌথ মিশন ‘ইউএনএমআইডি’ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গত ৮ জুলাই যোগ দেন কনস্টেবল আসগর। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো ইউএনএমআইডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ দারফুরের নায়ালা এলাকায় বেসামরিক মানুষকে রক্ষার দায়িত্ব পালনের সময় বিকাল সোয়া ৩টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান আসগর। “এক দল বন্দুকধারী শরণার্থী শিবির ওটিশ ক্যাম্পে ঢুকে পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নিহত এবং অন্য একজন আহত হন,” বলা হয় বিবৃতিতে। গুলি ছোড়ার পর শান্তিরক্ষীদের প্রতিরোধের মুখে বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানায় ইউএনএমআইডি। ইউএনএমআইডির ভারপ্রাপ্ত প্রধান আইচাতু মিনদাদু এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এটা একটি যুদ্ধাপরাধ। ২০০৭ সালের ডিসেম্বরে সুদানে মোতায়েনের পর এই নিয়ে ৩৮ জন শান্তিরক্ষী নিহত হলেন। আসগরের লাশ ফেরত আনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের তথ্য কর্মকর্তা কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানের ফ্লাইটসূচি মিলিয়ে দ্রুতই লাশ আনার ব্যবস্থা করা হচ্ছে। নিহত আসগরের স্ত্রী এবং ১২ ও ৭ বছর বয়সি দুটি ছেলে রয়েছে। তিনি ১৯৯৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৩৫ ঘ.