ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজারবাগে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আগ্নেয়াস্ত্রসহ আরো একজনকে আটক করেছে র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে র্যাব জানায়।
আটক মোস্তাফিজুর রহমান সাগর (৪০) ও মো. মাসুমের (৩০) মধ্যে সাগরের কাঁধ ও গলায় গুলি লেগেছে। তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ওই দুইজনের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেইটের কাছে একটি তল্লাশি চৌকি বসায় র্যাব। একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়ার হলে তা না মেনে গাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
“তখন র্যাবও পাল্টা গুলি ছুড়লে একজনের কাঁধে ও গলায় গুলি লাগে। এ সময় গাড়িটি রাস্তার পাশে আইল্যান্ডের ওপরে উঠে যায়।”
র্যাব অধিনায়ক বলেন, গাড়ি থেকে আরেকজনকে আটক করার পর তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, গুলি ও তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরে মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার শাহজাহানপুরের বাসা থেকে আরো দুটি পিস্তল, গুলি ও ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, সাগর ও মাসুম অস্ত্র ও মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৭১০ ঘ.
bdnews24