ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দোকান মালিকদের সঙ্গে হকারদের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩ টার দিকে রমনা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এরা হলেন- পল্টন থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব, হকার মো. কবির হোসেন ও মো. রমিজ উদ্দিন।
কবির হোসেন সাংবাদিকদের বলেন, তারা রমনা ভবনের সামনের ফুটপাতে এবং আওয়ামী লীগ কার্যালয়ের সামনের খালি জায়গায় বাচ্চাদের কাপড়সহ নানা ধরনের পোশাক বিক্রি করেন। দুপুরে এক হকারের সঙ্গে রমনা ভবনের ‘চয়নিকা’ ও ‘আধুনিকা’ নামের দুটি দোকানের মালিক জাহাঙ্গীরের ঝগড়া হয়। এর জের ধরে জাহাঙ্গীর বিকালে দলবল নিয়ে এসে হকারদের ওপর হামলা চালায়।
রমিজ বলেন, “জাহাঙ্গীর চায় আমরা যাতে এখানে দোকানদারি না করি।”
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান মালিকরা হকারদের ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের থামাতে গিয়ে আহত হন এসআই মোতালেব।
“হকাররা দোকান মালিকদের পাল্টা ধাওয়া করলে তারা রমনা ভবনের ফটক আটকে ভেতরে চলে যায় এবং ভেতর থেকে হকারদের ওপর ইট পাটকেল ছোড়ে। এতে কয়েকজন আহত হন।”
ঘটনার পর পুলিশ জাহাঙ্গীরকে রমনা ভবন থেকে আটক করেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৪৪ ঘ.
bdnews24