২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডা-সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের অবরোধ

ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মেরুল বাড্ডা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা/নারায়ণগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মেরুল বাড্ডা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা। ‘তুবা গার্মেন্ট’র শ্রমিকদের বিক্ষোভের কারণে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে এক ঘণ্টা মেরুল বাড্ডায় বিশ্বরোড অবরোধ করে রাখে। অন্যদিকে ‘র‌্যাক’ কারখানার শ্রমিকদের অবরোধে সকালে প্রায় দেড় ঘণ্টা ধরে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। অবরোধকারী শ্রমিকরা কয়েকটি গাড়িও ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আনন্দনগরের তুবা গার্মেন্টের কয়েকশ’ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। ওই কারখানার কর্মীরা পুলিশকে জানিয়েছে, তারা তিন মাস বেতন পাচ্ছেন না। পাশাপাশি ঈদের আগে বোনাসও চাইছেন তারা। পুলিশ কর্মকর্তা দেলোয়ার জানান, বিক্ষোভ শুরুর কিছু সময় পর মালিক পক্ষ এসে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছাড়ে। বিকাল ৪টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক বলে পুলিশ জানায়। সিদ্ধিরগঞ্জের র‌্যাক কারখানার শ্রমিকরা সকালে উপজেলার সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় সড়ক অবরোধ করে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এপ্রিল ও জুন মাস জুড়ে ওই কারখানা থেকে ছাঁটাই হওয়া প্রায় ৩শ’ শ্রমিকের বকেয়া বেতন সকালে পরিশোধের ঘোষণা দিয়েছিল মালিক পক্ষ। সকাল সাড়ে ৭টার দিকে ছাঁটাই হওয়া শ্রমিকরা এসে কারখানা বন্ধের নোটিস দেখে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-আদমজী-ডেমরা সড়কে অবস্থান নেয়। তারা সড়কের ওপরে টায়ার পুড়িয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে জানিয়ে পুলিশ কর্মকর্তা কামরুল বলেন, তারা দুটি গাড়িও ভাংচুর করে। আদমজীনগরে অবস্থিত শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম জানান, মালিক পক্ষ আগামী শনিবার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সকাল সাড়ে ৯টায় অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এইচএএইচ/এমআই/১৮২৫ ঘ.