ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের জিঞ্জিরা ঈদগাহ মাঠে ইফতার পার্টি আয়োজনে পুলিশ বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার এই মাঠে উপজেলা বিএনপি ইফতার পার্টির আয়োজন করতে চাচ্ছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গয়েশ্বর বলেন, “আমরা ইতোমধ্যে ঈদগাহ মাঠে ইফতার পার্টি করার অনুমতি পেয়েছি। কিন্তু অনুষ্ঠানের জন্য গত দুই/তিন দিন ধরে যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, পুলিশ গতকাল (বুধবার) তা ভেঙে ফেলেছে। এতে সরকারের ফ্যাসিস্ট চরিত্র উন্মোচিত হয়েছে।”
পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে হয়রানি করছে অভিযোগ করে তিনি এই আচরণের নিন্দা জানান।
গয়েশ্বর জানান, গত ৬ অগাস্ট উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নাজিমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইফতার পার্টির অনুমতি চেয়ে আবেদন জানান। ৭ অগাস্ট নির্বাহী কর্মকর্তা জিঞ্জিরা ঈদগাহ মাঠে ইফতার পার্টির অনুমতি দিয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আয়োজকরা ইতোমধ্যে কেরানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাসহ প্রায় ১২ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
ইফতারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায় থাকবেন বলে আমন্ত্রণপত্রে লেখা আছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭১৭ ঘ.
bdnews24